Sunday, April 18, 2021

 কুলিয়ারচরে আদর্শ শান্তি পরিষদ কর্তৃক রমজানের প্রথম জুম্মায় কোরআন বিতরণ




কুলিয়ারচরে আদর্শ শান্তি পরিষদ নামের একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের প্রথম জুম্মা'য় কোরআন পড়তে আগ্রহীদের মধ্যে পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) বাদ জুম্মা বাজরা-মাছিমপুর দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদে জুম্মা নামাজ শেষে কোরআন পড়তে আগ্রহী মুসুল্লিদের মাঝে এই কোরআন বিতরণ করা হয়।

উক্ত কোরআন বিতরণের সময় আদর্শ শান্তি পরিষদের সভাপতি আজিজুল ইসলাম, সহ-সভাপতি শাহরিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিল্লত মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাহাদী হাসান, অর্থ সম্পাদক বাপ্পি মিয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এক বক্তব্যে আদর্শ শান্তি পরিষদের সভাপতি আজিজুল ইসলাম বলেন, সবসময় বিশেষ করে রমজান মাসে মানুষ যাতে কোরআন পড়তে উৎসাহী হয়, তারই লক্ষ্যে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আজ অল্পকিছু কোরআন শরীফ বিতরণ হলেও, এলাকার কারও যদি ভবিষ্যতে কোরআন প্রয়োজন হয়, আদর্শ শান্তি পরিষদকে জানালে সংগঠন তা সরবরাহ করবে বলে জানান তিনি। 


Tuesday, August 4, 2020

কুলিয়ারচরের মাছিমপুরে "আদর্শ শান্তি পরিষদ" কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন



"পরিবেশ রক্ষায় করবো মোরা বৃক্ষরোপণ,  এই যেন হয় আমাদের সবার মনের পণ" - এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে কুলিয়ারচরের মাছিমপুরে "আদর্শ শান্তি পরিষদ" নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।




পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অনস্বীকার্য। বৃক্ষ পরিবেশকে শান্তস্নিগ্ধ রাখে এবং বাতাসকে পরিশীলিত করে।কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়ে বাতাসকে করে বিষমুক্ত। তা ছাড়া বৃক্ষের কারণেই আমরা শ্বাস-প্রশ্বাসের জন্য দরকারি অক্সিজেন পাই। কিন্তু অনেক মানুষের পদভারে কম্পিত এ সুজলা-সুফলা পৃথিবী প্রতিদিন বৃক্ষ শূন্য হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে  বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে  "আদর্শ শান্তি পরিষদ" ।




 এ কর্মসূচির অংশ হিসেবে ৮২টি বাড়িতে পেয়ারার চারা রোপণ করা হয়। এসময় সংগঠনের সভাপতি সহ এলাকার গণ্যমান্য  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Thursday, July 30, 2020

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুলিয়ারচরের মাছিমপুরে নিম্ন আয়ের মানুষের জন্য 'পাঁচ টাকায় বাজার’




প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী মানুষ ঘরে অবস্থান করছেন। এতে বেশি সমস্যায় পড়েছেন দিন এনে দিন খাওয়া তথা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। তাঁদের সহায়তা করতে এবং ঈদুল আযহা উপলক্ষে হাত বাড়িয়ে দিয়েছেন কুলিয়ারচরের মাছিমপুর গ্রামের ‘আদর্শ শান্তি পরিষদ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।



বৃহস্পতিবার  (৩০ জুলাই) মাছিমপুর বাইতুন নূর মসজিদ  সংলগ্নে ‘পাঁচ টাকা’ প্রতীকী মূল্যে ৩২ জন নিম্ন আয়ের মানুষের কাছে সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, আদা-জিরাসহ বিভিন্ন প্রকারের মসলা দ্রব্যাদি বিক্রি করেছে।  বাজারের শ্লোগান ছিল ‘ফ্রিতে নয়, নিজের অর্থে সাধ্যের মধ্যে স্বাচ্ছন্দের বাজার’।

 করোনা ভাইরাসের কারণে দেশের মানুষ এখন ঘরে অবস্থান করছেন। এতে কর্মহীন এবং বিপাকে পড়েছেন রিকশা চালক, দিনমজুর, গৃহকর্মী ইত্যাদি শ্রেণীর নিম্ন আয়ের মানুষ। তাঁদের পরিবারের কথা ভেবে এ বাজারের আয়োজন করা হয়।  এসব পণ্য কিনতে সংগঠনের সদস্যরা সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়েছেন, পাশাপাশি এলাকার মুরব্বী-ব্যবসায়িরাও তাদের সাহায্যের হাত বাড়িয়ে সহযোগিতা করেছেন। উক্ত কার্যক্রমে সংগঠনের উপদেষ্টা আবু সায়েম ভূ্ঁইয়া বিশেষ ভাবে অবদান রেখে বাজারকে সাফল্য মন্ডিত করেছেন।



পাঁচ  টাকা মূল্য নির্ধারণ করলেন কেন ? জানতে চাইলে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আমরা আগে বিভিন্ন সময় এলাকার কাউকে সাহায্য করতে গেলে অনেকেই লজ্জাবোধ করত। কেউ যাতে লজ্জাবোধ না করে এর জন্য আমরা বলছি- আপনি নিজের অর্থে এ সব ক্রয় করছেন। এর জন্য শ্লোগানও নির্ধারণ করা হয়েছে ‘ফ্রিতে নয়, নিজের অর্থে সাধ্যের মধ্যে স্বাচ্ছন্দের বাজার’।

Saturday, May 23, 2020

আদর্শ শান্তি পরিষদের পক্ষ থেকে কর্মহীন ২৩ পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ


করোনা পরিস্থিতির শিকার হয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের ঈদ আনন্দ যখন অনিশ্চিত হয়ে পড়েছে ঠিক তখনই পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মাছিমপুর দক্ষিণপাড়া গ্রামের একটি সামাজিক সংগঠন “আদর্শ শান্তি পরিষদ” এর পক্ষ থেকে ২৩ টি দুস্থ কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছে যাতে তারা পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ করতে পারে।

বৃহস্পতিবার  (২১ মে) বিকাল ২টা থেকে ওই গ্রামের আনাচকানাচে থাকা সুবিধা বঞ্চিত ২৩ টি পরিবারের ঘরে ঘরে গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ ও সেচ্চাসেবকরা।

এ ব্যাপারে সংগঠনের নেতৃবৃন্দরা জানান, আমাদের দেশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মানতে মানুষ অনেকটা ঘরবন্দী হয়ে পরায় অনেকেই কাজকর্ম করতে পারছেনা, বন্ধ হয়ে গেছে তাদের আয় রোজগার। এ অবস্থায় কর্মহীন ও নিম্ন আয়ের কিছু মানুষের জন্য পবিত্র রমজানে মাসব্যাপী রোজা রেখে ঈদ আনন্দ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে আমাদের সংগঠনের পক্ষ থেকে মাছিমপুর দক্ষিণপাড়া গ্রামের ২৩ টি কর্মহীন ও অসহায় রোজাদার পরিবারের জন্য পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে এই উপহার সামগ্রী দিয়েছি।


ঈদ উপহার হিসেবে বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চিনি, সেমাই, কিচমিচ, নারিকেল তেল ও দুধ।

প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে পবিত্র রমজানের শেষ প্রান্তে এসে ঈদ-উল ফিতরকে সামনে রেখে "আদর্শ শান্তি পরিষদ" এর সাথে সংযুক্ত থাকা যুবকদের এরকম একটি মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার অনেকে।

Sunday, May 3, 2020

‘আদর্শ শান্তি পরিষদ’র ইফতার সামগ্রী বিতরণ




করোনা ভাইরাস মহামারিতে মাছিমপুরে ‘আদর্শ শান্তি পরিষদ’র  পক্ষ থেকে রোজাদার ও কর্মহীন অসহায় দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। পহেলা রমজান এ ইফতার বিতরণ করা হয়।